ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ১৬:২১, ১৩ মার্চ ২০২৬

ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৪

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার এ তথ্য জানিয়ে তারা স্পষ্ট করে বলেছে, এই দুর্ঘটনা কোনো শত্রুপক্ষের হামলার ফলে ঘটেনি।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, বিমানে মোট ছয়জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়। সেন্টকম আরও উল্লেখ করেছে, বিমানটি গুলি বা নিজেদের বাহিনীর কোনো ধরনের হামলার কারণে বিধ্বস্ত হয়নি।

ইরাক–জর্দান সীমান্তের কাছে তুরাইবিল শহরের নিকটে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সেন্টকম। বিমানটি ওই সময় আকাশে জ্বালানি সরবরাহের দায়িত্বে ছিল, যা অঞ্চলে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ঘটনাক্রমে আরেকটি সামরিক বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

অন্যদিকে ইরান দাবি করেছে, তাদের মিত্র বাহিনী বিমানটি ভূপাতিত করেছে এবং এতে থাকা সবাই নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতার মধ্যে এটি চতুর্থবারের মতো কোনো মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা হিসেবে সামনে এলো। এর আগে চলতি সপ্তাহে কুয়েতে মিত্রবাহিনীর ভুল আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করে মার্কিন বাহিনী। ওই ঘটনায় ছয়জন ক্রু নিরাপদে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করতে সক্ষম হন।

এ.এইচ

×