ছবি: সংগৃহীত।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ ভারত বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার আসামিদের বাংলাদেশে বিচারের জন্য ফেরত পাঠানো হবে কিনা বা তাদের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হবে কিনা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তার বাইরে নতুন করে কিছু বলার নেই।
এ সময় বাংলাদেশের ডিজিএফআই প্রধানের সাম্প্রতিক ভারত সফর নিয়েও প্রশ্ন ওঠে। উত্তরে তিনি বলেন, ডিজিএফআই প্রধান ভারতে এসেছিলেন এবং সম্ভবত রাইসিনা ডায়ালগের অবসরে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে।
বাংলাদেশের জ্বালানি চাহিদা প্রসঙ্গে মুখপাত্র জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। ভারত সেই অনুরোধ বিবেচনা করছে।
তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ একই ধরনের অনুরোধ জানিয়েছে। ভারতের নিজস্ব চাহিদা এবং শোধনাগারের সক্ষমতা যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোতে বড় পরিসরে পরিশোধিত পেট্রোপণ্য রপ্তানি করে থাকে। নুমালিগড় শোধনাগার থেকে ২০০৭ সাল থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে। সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ অব্যাহত রয়েছে।
তিনি জানান, ২০১৭ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ডিজেল সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মাধ্যমে ডিজেল সরবরাহ চলছে।
এর আগে বুধবার সচিবালয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়, বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।
এম.কে








