ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিশ্লেষকরা বলছেন

ইরান যুদ্ধ এতো দীর্ঘায়িত হবে ভাবেনি যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৬:১১, ১৩ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ এতো দীর্ঘায়িত হবে ভাবেনি যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত দুই সপ্তাহ অতিক্রম করতে চলেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ এত দীর্ঘ হবে—শুরুতে ওয়াশিংটন তা বিবেচনায় নেয়নি। কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল আকার নেয়, বিশেষ করে ইরান ও তার মিত্রদের পাল্টা হামলা, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণের কারণে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়েছে।

সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিয়াহ ম্যাগনিয়ার বলেছেন, যুদ্ধ ১৪তম দিনে পৌঁছালেও যুক্তরাষ্ট্র প্রথমে এত দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত ছিল না। ব্রাসেলস থেকে তিনি আল জাজিরাকে জানান, ইরান ও তার সহযোগীদের জোরালো প্রতিক্রিয়া এবং সংঘাতের বিস্তার ওয়াশিংটনের প্রত্যাশার বাইরে ছিল। তার মতে, মার্কিন ঘাঁটিগুলোতে যে পরিমাণ ক্ষতি হয়েছে এবং হরমুজ প্রণালি নিয়ে যে মাত্রার উত্তেজনা তৈরি হয়েছে, তা আগে থেকে অনুমান করা হয়নি।

তিনি আরও বলেন, লেবানন থেকে হিজবুল্লাহর হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে। তার বিশ্লেষণ অনুযায়ী, যেই পক্ষ প্রথমে দুর্বলতা দেখাবে, শেষ পর্যন্ত সংঘাতে তার অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের দীর্ঘ যুদ্ধ চাইছেন না, তবে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও পরিস্থিতিকে প্রভাবিত করছে।

অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ ইজাদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক অভিযান একটি কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর শুরু হয়েছে। তাঁর ভাষায়, ইরান এই সংঘাত শুরু করেনি; বরং এটি ওয়াশিংটন ও তেল আবিবের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে উদ্বেগ তুলে ধরা হচ্ছে, তা বাস্তবভিত্তিক নয়। তাঁর মতে, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি, এবং পরিস্থিতি মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এ.এইচ

×