ছবি: দৈনিক জনকণ্ঠ।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা অবৈধভাবে খাল দখল করেছেন বা খালে আবর্জনা ফেলছেন তাদের আরও সতর্ক থাকতে হবে। খালগুলো পরিষ্কার ও দখলমুক্ত রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জনগণের আন্তরিক অংশগ্রহণ থাকলে সরকারের খাল খনন কর্মসূচি সফল হবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা এর মান্দারী বাজার এলাকায় রহমতখালী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলা এর সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে।
তিনি বলেন, লক্ষ্মীপুর জেলায় জকসিন খাল, মান্দারী খাল ও আমিনবাজার খালসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাল ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। এসব খালের সঙ্গে আরও অনেক সংযোগ খাল রয়েছে। তবে শুধু খাল খনন করলেই হবে না, খালের ভেতরে জমে থাকা বর্জ্য ও অবৈধ দখল অপসারণ না করা হলে এ কর্মসূচির পূর্ণ সুফল পাওয়া যাবে না।
এ সময় তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খননের যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, তা দেশের কৃষি ও উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এতে সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছিল, কৃষি উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং মৎস্য চাষেরও ব্যাপক প্রসার ঘটে।
মন্ত্রী বলেন, “আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে সেই কর্মসূচিকে আরও বিস্তৃত করে সারা বাংলাদেশকে স্বনির্ভর দেশের পথে এগিয়ে নিতে।”
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার না থাকায় বিভিন্ন খাতে নানা সমস্যা তৈরি হয়েছে। এখন সেই জটিলতা দূর করে জনগণের স্বার্থে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
এম.কে








