ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অনার্স শেষে চাকরি না পেয়ে জাল টাকা তৈরিতে জড়াল যুবক, অতঃপর …

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৬:৫২, ১৩ মার্চ ২০২৬

অনার্স শেষে চাকরি না পেয়ে জাল টাকা তৈরিতে জড়াল যুবক, অতঃপর …

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিংয়ে অনার্স শেষে জীবিকার সন্ধান করে ফারুক আহম্মেদ ভূঁইয়া। কোথাও চাকুরি না পেয়য় স্বাবলম্বী হওয়ার আশায় কম্পিউটারের বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কোর্সও করেন। কিছুদিন ঢাকায় পরবর্তীতে আশুগঞ্জে কম্পিউটারের দোকানে চাকুরি করে। মাস ২ পূর্বে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে যৌথভাবে কম্পিউটার দোকানের ব্যবসা শুরু করে। এখানে স্বল্প সময়ে লাভবান হওয়ার আশায় ব্যবসার আড়ালে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট দেখে জাল টাকা তৈরিতে জড়িয়ে পড়ে। ঈদ-উল-ফিতর সামনে রেখে মজুদকৃত জাল নোট বাজারে ছাড়ার উদ্দেশ্যে এ পরিকল্পনা তার। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম সাংবাদিকদের এ তথ্য জানান।

নিশাত তাবাসসুম জানান, বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকায় জাল টাকার তৈরির সরঞ্জাম ও লক্ষাধিক টাকা জাল নোট উদ্ধারের পর পুলিশকে এসব তথ্য জানায় ফারুক আহম্মেদ ভূঁইয়া। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার জিয়াসার কারখানা হাউজিং কলোনীর আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রানীরহাটে স্থানীয় লোকজন সন্দেহ হওয়ায় মো: ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭) কে আটক করে। খবর পেয়ে ফেনী মডেল থানার এসআই শৈবাল বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার জাল নোট ২টি (সিরিয়াল নং-জ ট ৮৫৫৯৩২৬), এক হাজার টাকার জাল নোট ১টি (সিরিয়াল নং-ঝ ঞ ৭২৪৫১২৬), এক হাজার টাকার জাল নোট ১টি (সিরিয়াল নং-খ ল ৪৮৬০২৩৪), একশ টাকার জালনোট ১২টি (সিরিয়াল নং-ঝ ল ৩১৫৯৬৪০), ২০ টাকার জালনোট ২১টি (সিরিয়াল নং-ছ ট ১৩৯৫০৮৪) সহ সর্বমোট ৫ হাজার ৬শ ২০ টাকার জাল নোট উদ্ধার করেন।

ফারুকের দেয়া তথ্যমতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম সহ পুলিশের একটি টিম দাগনভূঞা থানার রাজাপুর ইউনিয়নের আব্দুল নবী এলাকার আবুল হাশেমের বিল্ডিংয়ের ৩য় তলার ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে একশ টাকার জাল নোট ৩২০টি।(সিরিয়াল নং-ঝল ৩১৫৯৬৪০), এ-৪ সাইজের কাগজের মুদ্রিত সর্বমোট ২২০ পাতা, যাহার প্রতিটি পাতায় ৪টি করে ১০০ টাকার নোট (সিরিয়াল নং- ঝল ৩১৫৯৬৪০), ২০ টাকার জাল নোট ৮টি (সিরিয়াল নং- ছ ট ১৩৯৫০৮৪), এ-৪ সাইজের কাগজের মুদ্রিত মোট ৬৫ পাতা, যার প্রতিটি পাতায় ৪টি করে ২০ টাকার নোট (সিরিয়াল নং-ছ ঠ ১৩৯৫০৮৪), ৫০ গ্রাম ডালডা ঘি, একটি করে কাচি, স্টিলের স্কেল, কাটার পাইয়া উদ্ধার করা হয়। এছাড়া জাল নোট তৈরির সরঞ্জামাদি, পেনড্রাইভ, ইপসন ব্রান্ডের মাল্টি কালার প্রিন্টার, প্রসেসর, ডেল ব্রান্ডের মনিটর, এ ৪ টেক ব্রান্ডের মাউস, এ ৪ টেক ব্রান্ডের কি বোর্ড, ক্যাবল, এ ৪ সাইজের কাগজ ১ রিম, ফুঁজিফ্লিমের ফটো পেপার ১টি প্যাকেট জব্দ করা হয়।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কুমার দাস জানাান, ফারুকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এম.কে

আরো পড়ুন  

×