ছবি: দৈনিক জনকণ্ঠ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেছেন, মৌসুমি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে হবে এবং ঘাট এলাকায় ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে টাঙানো থাকবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। যারা ঈদে বাড়িতে ফিরবেন, ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন চোখে পড়ে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া বা চাঁদাবাজি সহ্য করা হবে না।”
মাদকের বিষয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। এই সময়ে কেবল মাদকসেবীদের ধরা হয়েছে, কিন্তু বড় কোনো মাদক কারবারিকে ধরা হয়নি। আমরা মাদক নির্মূল করতে চাই।”
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে সরকারি অনুদানের চাল যেন প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে—এ বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। “এই ১০ কেজি চাল কোনোভাবেই দলীয় নেতাকর্মীদের আত্মীয়স্বজনদের মধ্যে বণ্টন করা যাবে না,” বলেও নির্দেশনা দেন তিনি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ড. তিতুমীর বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। তিনি সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি দপ্তরের সেবাসংক্রান্ত তথ্য ও কার্যক্রম অফিসে টাঙানো থাকতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সম্পর্কে জানতে পারে।
তিনি আরও বলেন, “এই অর্থবছরে প্রতিটি দপ্তর কী কাজ করেছে, সে বিষয়ে জবাবদিহিতা থাকতে হবে। তাহলে এলাকার মানুষ সরকারি কার্যক্রম সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসি হাসান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্ননীল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান, সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এম.কে








