ময়মনসিংহ ঢাবি ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর ভস্মীভূত বাড়ী পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ীর নানাদিক পর্যবেক্ষণ করে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে ঢাবি ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর ভস্মীভূত বাড়ী পরিদর্শন করেন এই এনসিপি নেতা।
এ সময় সাইফুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দিয়ে নিশ্চিন্ত থাকার আশ্বাস দেন নাসিরুদ্দিন পাটোয়ারী। পরে তিনি হালুয়াঘাট সার্কেল এসপির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সাইফুল্লাহর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহভাজন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময়কালে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করতে নাগরিক উদ্যোগ গ্রহণের কথাও বলেন তিনি। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি স্থানীয় বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
অভিযোগ উঠেছে- আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহর বাড়ীতে অগ্নিসংযোগ করেছে। এ সময় সন্ত্রাসীরা সাইফুল্লাহ, তার স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।এমতাবস্থায় সাইফুল্লাহ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে বলেও জানান এনসিপির নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, মো: সাইফুল্লাহ জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক। তার গ্রামের বাড়ী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডোমঘাটা।
রাজু








