ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গায়ক তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’?

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ মার্চ ২০২৬

গায়ক তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘আত্মহত্যার চেষ্টা’ সংক্রান্ত খবরকে গুজব বলে জানিয়েছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার–এর পরিবার। তাঁর স্ত্রী সাবা সানজিদা রহমান জানিয়েছেন, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাতের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবি করা হয়, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তানজীব সারোয়ার এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন। কয়েকটি পেজ থেকেও একই ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে গায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেন তাঁর স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তানজীব সারোয়ার। ১২ মার্চ মধ্যরাতে হঠাৎ করে তাঁর রক্তচাপ বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।

পোস্টে তিনি আরও জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তানজীব সারোয়ারের শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল। সবার দোয়া ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে সাবা সানজিদা রহমান অনুরোধ জানান, যাচাই না করে কোনো খবর ছড়ানো থেকে বিরত থাকতে। তিনি বলেন, প্রয়োজন হলে সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য নেওয়া উচিত।

উল্লেখ্য, ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ এবং ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পান তানজীব সারোয়ার। ২০১১ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি এবং একই বছর প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। পরে ‘মেঘবরণ’ (২০১৪) ও ‘হৃদমোহিনী’ (২০১৬) শিরোনামে আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়।

২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন তানজীব সারোয়ার।

Mily

×