ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থদের মাঝে মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ১৫:৪৬, ১৪ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থদের মাঝে মজিদ-নাহার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঈদ খাদ্য সামগ্রীর প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য ছিল ৫ কেজি চাল, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, লবণ ও ট্যাং। এসব সামগ্রী পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছে বলে জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি সুবিধাভোগী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা লোকচক্ষুর ভয়ে কারো কাছে হাত পাততে পারে না। সমাজে বিত্তবান মানুষেরা এরকম অসহায় মানুষদের খোঁজে বের করে সাহায্য সহযোগিতা করতে হবে। আমাদের ঈদের আনন্দে তাদেরকে ও শরিক করতে হবে। আমরা জানি সেই কাজটি মজিদ-নাহার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নীরবে মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে এবং সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বীজন।

সাংবাদিক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির হোসেন হিটু তার পিতা-মাতার স্মরণে মজিদ-নাহার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ২০১০ সাল থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়-দরিদ্র মানুষের মাঝে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিবছর ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি দরিদ্র নারীদের সেলাই মেশিন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও দিয়ে আসছে।

এম.কে

×