ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

আজিজুর রহমান ডল, জামালপুর 

প্রকাশিত: ১৫:২৬, ১৪ মার্চ ২০২৬

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

'রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির  এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।

শনিবার (১৪ মার্চ) জামালপুর সদর উপজেলা প্রাঙ্গনে অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাযযাদ আনসারী প্রমুখ। এসময় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে সদর উপজেলার শরিফপুর উচ্চবিদ্যালয়, উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশানিধন স্প্রে করা হয়।

সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি অফিস প্রধানের দায়িত্ব নিতে হবে তার অফিস কক্ষ থেকে শুরু করে আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। প্রতিটি ব্যক্তিকে সচেতন থাকতে হবে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই। সবাইকে মনে রাখতে হবে 'পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ'।

জেলা প্রশাসক মো. ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন, আমরা প্রতি সপ্তাহের শনিবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।

এম.কে

×