ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে শিক্ষামন্ত্রীর জরুরি বার্তা!

প্রকাশিত: ২১:৪০, ১৩ মার্চ ২০২৬

স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে শিক্ষামন্ত্রীর জরুরি বার্তা!

ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত লোকজনকে নিয়োগ দেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের প্রকৃত অবদান রয়েছে তাদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা করছে সরকার। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার তথ্যটি অসম্পূর্ণ এবং বিকৃতভাবে প্রচার করা হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের ঠাঁই দেওয়া হবে এবং এ ক্ষেত্রে আপস করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, কোনো বক্তব্য যেন খণ্ডিতভাবে প্রচার না করা হয়।

এহসানুল হক মিলন তাঁর বক্তব্যে কচুয়াক সারা দেশের শিক্ষার ‘রোল মডেল’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে এবং নিজের ঘর অর্থাৎ কচুয়াকে প্রথমে ঠিক করে সেই সফল মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

শিক্ষার মানোন্নয়নে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, পুরনো পদ্ধতিতে আর এসএসসি পরীক্ষা নয়, বরং নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এফএ

×