রিজিয়া পারভীন, বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। কখনো দেশে কখনো দেশের বাইরে স্টেজ শো নিয়ে তিনি ভীষণ ব্যস্ত থাকেন। এই সময়টাতে তিনি দেশেই আছেন। আবারও আগামী ৪ মে তিনি যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন স্টেজ শোতে পারফর্ম করার জন্য। তবে এবারের ঈদুল ফিতরটা তার জন্য বেশ বর্ণাঢ্য বলেই জানালেন তিনি। কারণ, এবারের ঈদে বিটিভি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বৈশাখী টিভির বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে দেখা যাবে রিজিয়া পারভীনকে। এরই মধ্যে গত বৃহস্পতিবার রিজিয়া পারভীন চট্টগ্রাম কেন্দ্রের ঈদ বিশেষ সংগীতানুষ্ঠানের জন্য পাঁচটি গান গেয়েছেন। গানগুলো হলো ‘সবার জীবনে প্রেম আসে’, ‘আশা আমার ভালোবাসা’, ‘তুমি আমার চাঁদ’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘তুমি আমার জীবন’। আবার দেশের প্রখ্যাত প্রয়াত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’-এ রিজিয়া পারভীনকে গাইতে দেখা যাবে ‘আয়রে মেঘ আয়রে’ গানটি। এছাড়াও বিটিভির আরও দুটি ভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটিতে ইথুন বাবুর কথা ও সুরে গাইবেন, যার শূটিং হবে আগামীকাল বাংলাদেশ টেলিভিশনে। এছাড়াও আগামী ১৭ মার্চ ‘অভিনন্দন’ ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাইবেন রিজিয়া পারভীন ও পলাশ, দেলোয়ার আরজুদা শরফের লেখা ও সুরে। বৈশাখী টিভিতে ঈদের দিন সকালে বিশেষ সংগীতানুষ্ঠানে রিজিয়া পারভীনকে তার ও শ্রোতা-দর্শকের ভালোলাগার সাতটি গান গাইবেন।
রিজিয়া পারভীন বলেন, এবারের ঈদটা বিগত অন্যান্য বছরের তুলনায় একটু বেশিই বর্ণাঢ্য আমার জন্য। কারণ বিটিভি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, বৈশাখী টিভি সব মিলিয়ে কয়েকটি অনুষ্ঠানে আমাকে সংগীত পরিবেশন করতে দেখা যাবে। এই সময়ে এসেও শ্রোতা দর্শকের আমার গানের প্রতি যে ভালোলাগা আমি দেখি, তা সত্যিই আমাকে ভীষণ পুলকিত করে।
প্যানেল / জোবায়ের








