ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৯, ১৩ মার্চ ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে মুস্তাফিজ

আগামী ২১ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের সপ্তম আসর। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে টি২০ এই টুর্নামেন্টে প্রথমবারের মতো দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে মাঠ মাতাবেন টাইগার এই পেসার। ইংল্যান্ডের এই লিগে বাঁ হাতি পেসারের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি। নিলামের জন্য হান্ড্রেডের চূড়ান্ত তালিকায় টাইগার দলের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনের নাম থাকলেও দল পাননি তিনি। শুক্রবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়ে মুস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘দ্য হানড্রেডে খেলার সুযোগ পেয়ে আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অধীর অপেক্ষায় আছি। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
এর আগে দ্য হান্ড্রেডের ছয়টি আসরে ক্রিকেটার বাছাই হতো প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। তবে ২০২৬ আসরের জন্য প্রথমবার তারা নিলামের আয়োজন করে। বেশ কয়েক বিদেশি তারকা ক্রিকেটারকে বার্মিংহ্যাম ফিনিক্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন মুস্তাফিজ।

প্যানেল / জোবায়ের

×