হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযানে ট্রাকভর্তি ধানের তুষের বস্তা থেকে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুরের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, বস্তাভর্তি ধানের তুষ ও বস্তা খুলে তুষের ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস লুকানো রয়েছে। এছাড়াও ট্রাকটিতে বস্তার ভেতরে লুকানো সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইস পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কসমেটিকস ও গাড়ি ট্র্যাকিং ডিভাইসটি জব্দ করা হয়।
অপরদিকে হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে রামনগর নামক স্থান হতে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে। জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজু








