ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেশটির এক সংসদ সদস্য দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে অন্তত দুই দফা হামলার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে BBC জানায়, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা Islamic Republic News Agency–এর বরাতে জাহরম এলাকার সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি এ তথ্য জানিয়েছেন।
তার বক্তব্য অনুযায়ী, এক হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি–এর বাসভবনে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি। ওই হামলার মধ্যেও তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। পরবর্তীতে তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেও আরেকটি হামলার ঘটনা ঘটে বলে দাবি করেন ওই এমপি। তবে হাসপাতালটির নাম বা ঘটনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম The Sun এক প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক বিমান হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় তিনি একটি পা হারাতে পারেন এবং পেট বা লিভারে মারাত্মক আঘাত পেয়েছেন।
সংবাদমাধ্যমটির সূত্রের বরাতে আরও বলা হয়, বর্তমানে তিনি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকতে পারেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমনকি তিনি কোমায়ও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ইরানে ইন্টারনেট সংযোগে কঠোর বিধিনিষেধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। ফলে মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্বের দায়িত্ব নেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে হাজির হননি বা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
Mily








