ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মেঘনা আলম

‘মির্জা আব্বাসের কিছু হলে তার জন্য দায়ী পাটওয়ারীর কথাবার্তা’

প্রকাশিত: ২৩:২৪, ১৩ মার্চ ২০২৬

‘মির্জা আব্বাসের কিছু হলে তার জন্য দায়ী পাটওয়ারীর কথাবার্তা’

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী এবং বিগত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি দাবি করেন, মির্জা আব্বাসের বর্তমান অবস্থার জন্য অনেকখানি দায়ী বর্তমান সময়ের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্য।

মেঘনা আলম তাঁর পোস্টে মির্জা আব্বাসের সাথে ব্যক্তিগত এক স্মৃতিচারণ করে লেখেন, “মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা ও শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন, নারী, কম বয়সী কিংবা ভোটের দৌড়ে মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না হওয়া সত্ত্বেও আমার প্রতি শ্রদ্ধা দেখানোর বোধ ওনার ছিল।”

অভিনেত্রী জানান, মির্জা আব্বাস নিজেই একসময় তাঁকে জানিয়েছিলেন যে তাঁর বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। তখন মেঘনা আলম তাঁকে সাহস দিয়ে বলেছিলেন, একজন জনপ্রিয় মানুষের বিরুদ্ধে ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই। মির্জা আব্বাসের রাজনৈতিক দৃঢ়তা ও সংগ্রামের প্রতি নিজের শ্রদ্ধাবোধ থেকেও তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি পাটোয়ারির একটি বক্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে দেওয়া মন্তব্যের কঠোর সমালোচনা করেন মেঘনা। তিনি বলেন, সন্তানের বিষয়টি যেকোনো মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ বা অনভিপ্রেত মন্তব্য করা একদমই ঠিক হয়নি।

পোস্টের শেষ দিকে মেঘনা আলম আশা প্রকাশ করেন যে মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে জনসমক্ষে ফিরবেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী থাকবে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা।” তিনি মনে করেন, এ ধরনের অসংলগ্ন ও আক্রমণাত্মক বক্তব্যই প্রবীণ এই নেতার ওপর মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।

এফএ

×