ছবি: দৈনিক জনকন্ঠ
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেককে স্বাগত জানিয়ে রাজপথে শোডাউন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল শেষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন ইউনিটের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নিয়ে নতুন সংসদ ও সরকারকে শুভেচ্ছা জানান।
ইফতারের আগে এক বিশেষ মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এবং বিগত গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উত্তরোত্তর সাফল্য প্রার্থনা করেন উপস্থিত ছাত্রনেতারা।
ইফতার পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মমিনুল ইসলাম জিসান বলেন, দেশ অবশেষে একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে যেখানে চার কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রত্যাশা ব্যক্ত করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের এই সংসদে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। জিসান আরও বলেন, বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে দীর্ঘদিনের আধুনিক ও বৈষম্যহীন পরিকল্পনা রয়েছে, তা এই সংসদের মাধ্যমেই বাস্তবায়িত হবে।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদলের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে জিসান স্পষ্ট করেন যে, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার এই লড়াইয়ে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদী আমলে গুম ও খুনের শিকার হওয়া নেতাকর্মীদের স্মৃতি বুকে ধারণ করেই ছাত্রদল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকবে বলে তিনি শপথ ব্যক্ত করেন।
এফএ








