ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বিএনপির সব পদ থেকে ২ নেতার পদত্যাগ

প্রকাশিত: ২০:১৩, ১২ মার্চ ২০২৬

বিএনপির সব পদ থেকে ২ নেতার পদত্যাগ

জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির দুই শীর্ষ নেতা দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। তারা হলেন হাফিজ উদ্দিন আহমেদ এবং কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) তারা পৃথকভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর কাছে পদত্যাগপত্র পাঠান। পরে দলীয় সূত্রে জানা যায়, তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

পদত্যাগপত্রে হাফিজ উদ্দিন আহমেদ উল্লেখ করেন, তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের স্বার্থে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন।

একইভাবে কায়সার কামাল তার পদত্যাগপত্রে জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখতে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পদ থেকে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, সাংবিধানিক পদে থেকে নিরপেক্ষতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

Mily

×