বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে বুধবার স্বর্ণের দাম আবারও বেড়েছে।
বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টা ৪১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,১৯৮.২৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, এপ্রিল মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৭ শতাংশ কমে ৫,২০৬.৪০ ডলারে নেমেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক সময় ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিহাসের বৃহত্তম তেল মজুত ছাড়ার প্রস্তাব দিয়েছে।
মেটালস ফোকাসের সিঙ্গাপুরভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক নিকোস কাভালিস বলেন, মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমায় স্বর্ণকে আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার আশাব্যঞ্জক।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্প্রতি ইরানের ওপর তীব্র বিমান হামলা চালিয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়েছে, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রধান পথ। এর ফলে একাধিক তেলবাহী জাহাজ আটকে গেছে এবং উৎপাদন সংরক্ষণাগার পূর্ণ হওয়ায় কিছু উৎপাদনও বন্ধ হয়েছে, যা তেলের দামের ওপর চাপ সৃষ্টি করেছে।
এদিকে, চলতি বছরে স্বর্ণের দাম ইতোমধ্যেই ২০ শতাংশের বেশি বেড়েছে এবং একের পর এক নতুন রেকর্ড গড়েছে। নিকোস কাভালিসের মতে, চলতি বছরের তৃতীয় বা চতুর্থ প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৬,০০০ ডলারেরও বেশি হতে পারে এবং আগামী বছরের শুরুতে আরও বৃদ্ধি পেতে পারে।
বাজার এখন যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে, শুক্রবার প্রকাশিত হবে ব্যক্তিগত ভোগ ব্যয়ের মূল্যসূচক (পিসিই), যা মূল্যস্ফীতি পরিমাপের জন্য ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ সূচক।
বিশ্লেষকরা মনে করছেন, আগামী ১৮ মার্চ দুই দিনের বৈঠক শেষে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরে অন্তত দুই দফা সুদের হার কমানোর সম্ভাবনা দেখা যাচ্ছে।
অন্য মূল্যবান ধাতুতে স্পট মার্কেটে রূপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৮৭.৭৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ২,১৮৮.২৭ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৬৬৩.৩৯ ডলারে পৌঁছেছে।
Mily








