ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

স্বর্ণ কিনতে চাইলে প্রস্তুত থাকুন, দাম ছুঁল নতুন রেকর্ড

প্রকাশিত: ১১:৪৯, ১১ মার্চ ২০২৬

স্বর্ণ কিনতে চাইলে প্রস্তুত থাকুন, দাম ছুঁল নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা দ্বিতীয় দিনের মতো মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় ভরিতে দুই হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

শুধু স্বর্ণ নয়, বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

এর আগের দিনও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। সেই সময় ২১ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

এ.এইচ

×