ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের বিষয়ে যা জানালো ইসরায়েলি গণমাধ্যম

প্রকাশিত: ১৬:২৬, ১০ মার্চ ২০২৬

নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের বিষয়ে যা জানালো ইসরায়েলি গণমাধ্যম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে ইরানি সংবাদমাধ্যমে।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে উঠে এসেছে এমন খবর। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই খবরকে যুদ্ধকালীন ‘অপপ্রচার’ বা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বলে উড়িয়ে দিয়েছে। 

মঙ্গলবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করে এ ধরনের জল্পনা উসকে দেয়। প্রতিবেদনে সরাসরি কোনো হামলা বা নেতানিয়াহুর আহত হওয়ার নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। বরং কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরে সন্দেহ তৈরি করার চেষ্টা করা হয়েছে।

এর মধ্যে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের নিরাপত্তা জোরদারের খবর, মার্কিন রাজনীতিক জ্যারেড কুশনার ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সম্ভাব্য সফর স্থগিত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর এক ফোনালাপের বিবরণে নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়।

তাসনিম আরও একটি দাবি উল্লেখ করে, যেখানে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়—ইরান নাকি নেতানিয়াহুর গোপন অবস্থানে হামলা চালিয়েছে। তবে সংস্থাটি নিজেই স্বীকার করেছে, এই দাবির কোনো সরকারি নিশ্চিতকরণ নেই।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ৭ মার্চ নেতানিয়াহু একটি সরকারি বিবৃতি দিয়েছেন এবং ৬ মার্চ তিনি দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে একটি ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনও করেছেন। 

ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত পরিবর্তনশীল যুদ্ধ পরিস্থিতিতে নতুন ভিডিও বা তথ্যের সাময়িক অনুপস্থিতি সহজেই গুজব ও ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়।

ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য সরাসরি এই প্রতিবেদনের প্রতিক্রিয়া না দিলেও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তাজনিত কারণেই তার গতিবিধি কিছুটা গোপনীয় রাখা হচ্ছে।

সানজানা

×