নিজের বারান্দা বা ছাদে খুব সহজেই টবে পুদিনা গাছ লাগানো যায়। অল্প জায়গা, সামান্য যত্ন এবং নিয়মিত পানি দিলেই দ্রুত বেড়ে ওঠে এই সুগন্ধি গাছ। রান্না, শরবত বা চাটনিতে ব্যবহারের জন্য ঘরেই পাওয়া যায় তাজা পুদিনা পাতা।
কেন টবে পুদিনা লাগাবেন
পুদিনা গাছ দ্রুত বাড়ে এবং খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। ছোট টব বা প্লাস্টিকের পাত্রেও এটি সহজে জন্মায়। শহরের ফ্ল্যাট বা ছোট বাড়ির বারান্দাতেও পুদিনা চাষ করা সম্ভব।
কীভাবে টবে পুদিনা গাছ লাগাবেন
প্রথমে মাঝারি আকারের একটি টব নিতে হবে। টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার ছিদ্র থাকতে হবে। এরপর টবে বাগানের মাটি, গোবর সার বা কম্পোস্ট এবং সামান্য বালি মিশিয়ে নিতে হবে।
পুদিনা সাধারণত কাটিং থেকে সহজে জন্মায়। বাজার থেকে আনা পুদিনার ডাঁটা পানিতে কয়েকদিন রেখে দিলে শিকড় বের হয়। এরপর সেই ডাঁটা টবের মাটিতে লাগিয়ে দিলেই গাছ হয়ে যাবে।
যত্ন ও পরিচর্যা
পুদিনা গাছের জন্য নিয়মিত পানি দেওয়া জরুরি, তবে টবে পানি জমে থাকা ঠিক নয়। প্রতিদিন অল্প করে পানি দিলেই গাছ ভালো থাকে।
এছাড়া গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো-বাতাস আছে, কিন্তু সরাসরি তীব্র রোদ না লাগে। মাঝে মাঝে শুকনো বা পুরোনো পাতা ছেঁটে দিলে গাছ আরও দ্রুত বাড়ে।
পানির অভাবে গাছ যদি কোনো কারণে একদম শুকিয়ে যায়, তবে পানি দেওয়া বন্ধ করবেন না। পানি দিতে থাকুন। মরা গাছের পাশেই নতুন চারা গজাবে।
কখন পাতা সংগ্রহ করবেন
গাছ একটু বড় হলেই পাতা সংগ্রহ করা যায়। ডগা থেকে পাতা তুললে গাছ আরও বেশি ডালপালা বের করে এবং দ্রুত ঘন হয়ে ওঠে।
টবে পুদিনা গাছ লাগানো শুধু রান্নার জন্যই নয়, ঘরের পরিবেশও সতেজ করে। অল্প যত্নেই সারা বছর পাওয়া যায় তাজা পুদিনা পাতা। তাই বাড়ির ছোট জায়গাতেও সহজেই শুরু করা যেতে পারে পুদিনা চাষ।
সানজানা








