প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান আরও উন্নত, আধুনিক ও কার্যকর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
শনিবার ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে দেশের প্রতিটি মানুষের জন্য সমান মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা ও উপজেলা হাসপাতালগুলোর অবকাঠামো, জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টার দিকে তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছায়। পথে শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন, চিকিৎসা শিক্ষার প্রসার, গবেষণা এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।








