জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তার দেশে ফেরা উচিত ফাঁসির রায় কার্যকরের উদ্দেশ্যে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।
নাহিদ ইসলাম বলেন, দেশে ইতোমধ্যে রায় হয়ে গেছে এবং এখন সরকারের দায়িত্ব যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।
রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা দেখেছি কেউ একজন ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা বলেছেন। দেশ ইতোমধ্যে দীর্ঘ সময় ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা চাই, দেশে ফেরা হোক রায় কার্যকরের জন্য।’
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি আরও বলেন, এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। তাকে কীভাবে আনা হবে, তিনি আত্মসমর্পণ করবেন কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনা দিল্লির সঙ্গে হবে এবং সব প্রস্তুতি নিয়েই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
ফাঁসির রায় কার্যকর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এটি দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এবং সরকারের উচিত দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া।
এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার মতে, এ রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী আশিকিন আলম। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।








