স্টাফ রিপোর্টার
সালমান এফ রহমানসহ ৬ জনের অর্থপাচার মামলার চার্জ শুনানি ২৩ জুলাই
মানি লন্ডারিং আইনে করা মামলায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
এদিন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
অন্য আসামিরা হলেন— বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান, অটাম লুপ ও পিয়ারলেস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান, পরিচালক রেজিয়া আক্তার, আরআর গ্লোবাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আহমেদ শাহরিয়ার রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড ও পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে অর্থপাচারের তথ্য পাওয়া যায়। অটাম লুপ অ্যাপারেলস জনতা ব্যাংকের লোকাল অফিস শাখার তিনটি এলসির বিপরীতে পণ্য রপ্তানি করলেও নির্ধারিত সময়ের মধ্যে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ মার্কিন ডলার দেশে ফেরত আনা হয়নি।
তদন্তে আরও উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক প্রতিষ্ঠান ‘আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই’-এর কাছে এসব পণ্য রপ্তানি করা হয়। প্রতিষ্ঠানটি একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন হওয়ায় পরিকল্পিতভাবে বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক গোলাম মোস্তফা মামলাটি দায়ের করেন।
পরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান তদন্ত শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।








