জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি যৌতুক হিসেবে ১ লাখ টাকা দাবি করে তা না পেয়ে স্ত্রী ইসমত আরা খানকে গলা টিপে হত্যা করেন আনোয়ার। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, যৌতুকের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলেও হত্যাকাণ্ড প্রমাণিত হয়েছে। ফলে দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আসামি বর্তমানে পলাতক রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে আছেন।








