ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে সরাসরি হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১৮:৫৫, ৯ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ইরানকে সরাসরি হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে ইরানকে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বুধবার (৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান যদি এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের কোনো উদ্যোগ নেয়, তাহলে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেবে। তার ভাষায়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে স্পষ্ট।

ভ্যান্স আরও বলেন, পূর্ববর্তী সমঝোতা অনুযায়ী—ইরান জাহাজে হামলা বন্ধ করলে যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত অবরোধ শিথিল করবে। কিন্তু ইরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

সম্প্রতি ঘটে যাওয়া একটি হামলার প্রসঙ্গ টেনে তিনি ইরানকে সতর্ক করে বলেন, তারা চাইলে পরিস্থিতি শান্ত রাখতে পারে, নতুবা একই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। ইরান যতদিন নৌপথ উন্মুক্ত না রাখবে এবং জাহাজে হামলা বন্ধ না করবে, ততদিন যুক্তরাষ্ট্রের এই অবস্থান বহাল থাকবে।

সূত্র: আল জাজিরা

×