ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়াল

প্রকাশিত: ১৩:৪৮, ৪ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়াল

ভেনেজুয়েলায় ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জনের বেশি। গত ২৪ জুন ভোরে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তথ্য অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ভেনেজুয়েলার দুর্যোগ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। ভূমিকম্পে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।
সরকারের তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩ হাজার ৩০০-এর বেশি উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। এছাড়া রাজধানী কারাকাস থেকে প্রায় ৩০ হাজার সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবক দুর্গত এলাকায় কাজ করছেন।
তবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। সংস্থাটির ধারণা, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হাজারো বাস্তুচ্যুত মানুষ বিশুদ্ধ পানির সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসাসেবার অভাবে মানবিক সংকটে রয়েছেন। অবকাঠামো ধ্বংস হওয়ায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে।
এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৯০০ সেনাসদস্য মোতায়েন করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামত, নৌবাহিনীর জাহাজ মোতায়েন এবং অতিরিক্ত সহায়তা কর্মী পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ৩০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রধান ভূমিকম্প দুটির পর এ পর্যন্ত ৮৯০টি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে। এতে দুর্গত এলাকায় আতঙ্ক আরও বেড়েছে।


 

×