নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে তা সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে সরিয়ে না দেয়। তিনি জোর দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করতে হবে, যাতে জনগণ নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। আমি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আস্থা রাখতে চাই। তাই নিরাপত্তা ব্যবস্থার কারণে যেন জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। পাশাপাশি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নিহত পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সশস্ত্র বাহিনীকে দেশের সাহস ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অবদান জাতির ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। পিজিআরের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেকোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের পেশাদারিত্ব প্রশংসার দাবি রাখে।
ভবিষ্যতের বহুমাত্রিক হুমকি মোকাবিলায় বাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সাইবার যুদ্ধসহ নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।”
তিনি আরও বলেন, প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি বাহিনীর সদস্যদের সাহস, সততা ও বিশ্বস্ততাও সমান গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, “দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না।”








