ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

তিন সন্তানের উপস্থিতিতে আমির খানের তৃতীয় বিয়ে সম্পন্ন

প্রকাশিত: ১৬:৪৭, ৫ জুলাই ২০২৬

তিন সন্তানের উপস্থিতিতে আমির খানের তৃতীয় বিয়ে সম্পন্ন

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন তিনি। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

রোববার (৬ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে নিবন্ধনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির ও গৌরী। জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়েই তারা দিনটি উদ্‌যাপন করেন।

আমির খানের মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বড় ছেলে জুনায়েদ খান, মেয়ে ইরা খান এবং ছোট ছেলে আজাদ রাও খান। এছাড়া ‘লগান’খ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকার ও অভিনেত্রী এলি আব্রামসহ ঘনিষ্ঠ বন্ধুরাও অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে আমির জানিয়েছিলেন, তিনি বড় আয়োজনের বদলে নিবন্ধিত বিয়েই করতে চান এবং পরে ঘনিষ্ঠদের নিয়ে ছোট পরিসরে উদ্‌যাপন করবেন। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবে রূপ পেয়েছে।

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। তবে তখন সম্পর্ক এগোয়নি। বহু বছর পর ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে তাদের পুনরায় যোগাযোগ হয়। সেই পুনর্মিলনের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে দীর্ঘ দূরত্বে থাকলেও পরে গৌরী মুম্বাইয়ে চলে আসেন এবং নিজের আগের সংসারের ছেলেকে নিয়ে আমিরের সঙ্গে বসবাস শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি শান্ত ও পরিপূর্ণ মনে হচ্ছে। যদিও সে সময় বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেছিলেন তিনি।

পরবর্তীতে সময়ের সঙ্গে সেই সিদ্ধান্ত বদলে যায় এবং গত মাসে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তারা। বর্তমানে গৌরী স্প্র্যাট আমির খান প্রোডাকশনসের বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনামূলক কাজে যুক্ত রয়েছেন। এর আগে তিনি একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি, যাদের সংসারে জন্ম নেয় ছেলে জুনায়েদ ও মেয়ে ইরা। ২০০২ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের দায়িত্ব তারা যৌথভাবে পালন করছেন।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে ২০১১ সালে তাদের ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ব্যক্তিগত ও পেশাগতভাবে তাদের সম্পর্ক এখনো সুসম্পর্কপূর্ণ রয়েছে। কিরণ রাও বর্তমানে আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে যুক্ত আছেন এবং বিভিন্ন কাজেও তারা একসঙ্গে সহযোগিতা করে চলেছেন।

×