রুকাইয়া জাহান চমক
ঈদুল ফিতরের জন্য নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক জিয়াউল হক রোশান। এর মাধ্যমে পর্দায় প্রথমবার জুটি হয়েছেন তারা। ভালোবাসার আবেগ, আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতিকে ঘিরে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন মাহিন আওলাদ।
প্রেমের গল্প গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও শেইখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। প্রযোজনা করেছে সান প্রোডাকশন হাউস। শুটিং হয়েছে সুনামগঞ্জের নীলাদ্রি ও তাহিরপুরের মনোরম লোকেশনে।
কাজটি প্রসঙ্গে অভিনেত্রী চমক বলেন, গানের সঙ্গে মিল রেখে দুর্দান্ত ভিডিও বানিয়েছেন মাহিন আওলাদ ভাই, আমার চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং ছিল। এই টাইপের চরিত্র আগে কখনো করা হয়নি, যেটি দেখলে দর্শকরা বুঝবে। পুরো টিম কাজটির জন্য অনেক কষ্ট করেছে। আমার বিশ্বাস আপনাদেরও সবার ভালো লাগবে এবং সবার মনে দাগ কেটে যাবে।
জিয়াউল রোশান বলেন, গানটি যখন শুনলাম খুবই ভালো লেগেছে। পাশাপাশি পরিচালক মাহিন আওলাদ ভাই যখন ভিডিওর প্ল্যানটা শেয়ার করল আমার ভীষণ ভালো লেগেছে, মনে হলো আমার করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার। চরিত্রটির জন্য নিজের লুক অনেকটাই চেঞ্জ করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুনভাবে চিনবে।
কণ্ঠশিল্পী কনার ভাষ্যমতে, গানটির অংশ হতে পেরে ভালো লাগছে এবং আভরাল সাহির গানটি দারুণ বানিয়েছেন। আশা করছি গানটি সবার হৃদয়ে দোলা দেবে।
এই ব্যয়বহুল মিউজিক্যাল ফিল্মটি সান প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ঈদের দিন সন্ধ্যায়।
এদিকে কয়েক বছর ধরেই বেছে বেছে অভিনয় করছেন চমক। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া তার ‘টিফিন বক্স’ প্রশংসা কুড়িয়েছে। ইদানীং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ইনফো-ডকুমেন্টারি সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নিয়েই এখন তার ব্যস্ততা।
প্যানেল হু








