ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সালমানের ভাবমূর্তি রক্ষায় মামলায় নতুন মোড়

প্রকাশিত: ১৪:১৯, ২ জুলাই ২০২৬

সালমানের ভাবমূর্তি রক্ষায় মামলায় নতুন মোড়

Salman khan

বলিউড সুপারস্টার সালমান খানের নাম ও ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণের অভিযোগে দায়ের করা মামলায় নতুন মোড় নিয়েছে।

বহুল আলোচিত ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাল’ চলচ্চিত্রকে ঘিরে সালমান খান আইনি লড়াই শুরু করলেও, সম্প্রতি দিল্লি হাইকোর্টে নির্মাতাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে।

নির্মাতারা আদালতকে জানিয়েছেন, চলচ্চিত্রটি এখনও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়নি। ফলে আপাতত সিনেমাটির মুক্তির কোনো সম্ভাবনাও নেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১ জুলাই) শুনানিতে সালমান খানের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করেন, চলচ্চিত্রটি দ্রুত মুক্তি পেতে পারে। এ কারণে তারা অবিলম্বে মুক্তিতে স্থগিতাদেশ চেয়েছেন।

এর জবাবে নির্মাতাদের আইনজীবী জানান, সিবিএফসি’র অনুমোদন ছাড়া কোনো চলচ্চিত্র মুক্তি দেওয়া সম্ভব নয়। এমনকি ছবিটি এখনও সেন্সর বোর্ডে জমাও দেওয়া হয়নি। আগামী সোমবার (৬ জুলাই) এর আগে সেটি জমা দেওয়ার কোনো পরিকল্পনাও নেই বলে আদালতকে জানানো হয়।

উল্লেখ্য, গত জুন মাসে ‘কালা হিরণ’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশের পরই দিল্লি হাইকোর্টে আবেদন করেন সালমান খান। তার অভিযোগ, ছবিটি তার বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে এবং এতে তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘিত হয়েছে।

আবেদনে তিনি দাবি করেন, ২৯ মে প্রকাশিত পোস্টারে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যার চেহারা ও উপস্থাপনা তার সঙ্গে স্পষ্টভাবে মিলে যায়। চরিত্রটির হাতে বন্দুক এবং সালমানের পরিচিত ব্রেসলেটের মতো একটি অলংকারও দেখা যায়।

সালমান খানের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, অস্ত্র আইনের মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন। অথচ পোস্টারে বন্দুকধারী তার মতো চরিত্র দেখিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, নির্মাতারা ইচ্ছাকৃতভাবে পুরোনো শিকার মামলাকে চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করে প্রচারের চেষ্টা করছেন, যা তার সুনাম ক্ষুণ্ণ করছে।

উল্লেখ্য, এর আগেও নিজের নাম, ছবি ও ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহার ঠেকাতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন সালমান খান।
 

×