ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা

প্রকাশিত: ২১:৩১, ১ জুলাই ২০২৬

বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা

bangla qr

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতায় ‘বাংলা কিউআর’ ব্যবহার করে কেনাকাটার মূল্য পরিশোধের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর কোড স্ক্যান করে পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে। নির্ধারিত এই ফির মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আগের নির্দেশনা (পিএসডি সার্কুলার নং-২/২০২৫)-এর অন্যান্য ফি, চার্জ ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। কেবল বাংলা কিউআর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড, পাশাপাশি এমএফএস বা পিএসপি ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এই সর্বনিম্ন ১ শতাংশ হার প্রযোজ্য হবে।

তবে ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে বিশেষ ছাড় বা প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

×