চলতি বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে দলকে ঘিরে আত্মবিশ্বাসের কমতি নেই দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের। তার বিশ্বাস, শেষ বত্রিশের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েই ইতিহাস গড়তে পারে তার দল।
মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন ও প্রায় ছয় লাখ জনসংখ্যার এই আফ্রিকান দেশটি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে অংশ নিয়েছে। তবে অংশগ্রহণেই থেমে থাকেনি কেপ ভার্দে; বরং চমক দেখিয়ে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও সমতায় থেকে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে কেপ ভার্দে।
নিজেদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বে আর্জেন্টিনা তিন ম্যাচেই জয় পেয়েছে, যেখানে দলের আট গোলের মধ্যে ছয়টিই এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে।
শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট নেভেস দেখছেন ভিন্ন সম্ভাবনা। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বিশ্বাস, কেপ ভার্দে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারাতে পারে।” তিনি আরও বলেন, “যখন একটি দলের ওপর প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ইচ্ছা প্রবল থাকে—তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।”
এখন দেখার বিষয়, বাস্তবতায় ফেভারিট আর্জেন্টিনা জয়ের ধারাবাহিকতা বজায় রাখে, নাকি কেপ ভার্দে লিখে নতুন কোনো রূপকথা।








