ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ২২:০৬, ১ জুলাই ২০২৬

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ৬ জন বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ ও মারামারির ঘটনায় ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২১ মে দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে প্রবেশ করে সহকারী প্রক্টর ও সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ঘটনার পরদিন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৬৬ শিক্ষার্থীকে চারটি পৃথক ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৬ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে, সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ৪৬ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বহিষ্কার এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, যেসব শিক্ষার্থী অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কারের আওতায় পড়েছেন, তারা কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না এবং ভবিষ্যতেও তাদের নামে হলের আসন বরাদ্দ দেওয়া হবে না।

তবে এসব শাস্তি আপাতত সাময়িকভাবে কার্যকর করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। তাদের বক্তব্য পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

×