ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

প্রকাশিত: ২১:৫৪, ১ জুলাই ২০২৬

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। তবে অবাক করা বিষয় হলো, নিজেদের সমৃদ্ধ ইতিহাসে এখনো নরওয়ের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। তবুও সেই পরিসংখ্যানকে পাশে সরিয়ে রেখে বাস্তবতাকেই বড় করে দেখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। তার মতে, শেষ ষোলোতে ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম।

আগামী ৫ জুলাই নকআউট পর্বের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচের আগে কথার লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস দেখাননি নরওয়ের এই ‘গোলমেশিন’। বরং শক্তিশালী প্রতিপক্ষের সামনে বাস্তবতার মাটিতেই পা রেখে মন্তব্য করেছেন তিনি।

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার সংবাদ সম্মেলনে বলেন, “সম্ভাবনা খুবই ক্ষীণ।” ব্রাজিলকে হারানোর প্রসঙ্গে তার এই সোজাসাপ্টা স্বীকারোক্তি নরওয়ের কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।

শেষ ষোলোতে ওঠার পর সামনে ব্রাজিলের মতো দলের মোকাবিলা নিয়ে হলান্ড বলেন, “এখন আমরা নকআউট পর্বে। সামনে দুর্দান্ত সব দলের মুখোমুখি হতে হবে। কাজটা মোটেও সহজ নয়। পরের ধাপে যাওয়া কঠিন হবে—আমরা পারব কি না, সেটাও নিশ্চিত নই। তবে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এগোচ্ছি।”

নরওয়ে এর আগে তিনবার বিশ্বকাপে অংশ নিয়ে দুবারই শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। দীর্ঘ ২৮ বছর পর আবার বিশ্বমঞ্চে ফিরে এসে একই পর্যায়ে দাঁড়িয়ে দলটি। এবার তাদের সামনে নেইমার ও ভিনিসিয়ুসদের শক্তিশালী ব্রাজিল।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামার আগে তাই বড় কোনো স্বপ্ন নয়, বরং অর্জনকেই মূল্য দিচ্ছেন হলান্ড। কিছুটা আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “এটা আমাদের জন্য ইতিহাস। অনুভূতিটা অসাধারণ। ২৮ বছর পর আমরা টুর্নামেন্টে ফিরেছি, গ্রুপ পর্ব পেরিয়েছি এবং এখন ব্রাজিলের মতো দলের মুখোমুখি হতে যাচ্ছি। এখন যা-ই হবে, সেটাই আমাদের জন্য বাড়তি প্রাপ্তি।”

এখন দেখার বিষয়—ব্রাজিল কি অতীতের হিসাব বদলে কোয়ার্টার ফাইনালে উঠবে, নাকি অপরাজেয় রেকর্ড ধরে রেখে নরওয়ে লিখবে নতুন কোনো রূপকথা। উত্তর মিলবে আর কয়েক দিনের মধ্যেই।

×