সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি খলিলনগর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধনের রেশ না কাটতেই, এবার একই উপজেলার মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, তালা সদর ইউনিয়নের ৮৮ নম্বর মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রিয়াদ সরদার (৮) গত ২৯ জুন দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়। এতে তার কানের পাশে আঘাত লেগে রক্তপাত হয় বলে পরিবারের দাবি।
ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরদিন ৩০ জুন তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর অভিভাবকরা তাকে ওই বিদ্যালয়ে আর না পড়ানোর সিদ্ধান্ত নেন। পরে বই ফেরত দিতে বিদ্যালয়ে গেলে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।
রিয়াদ সরদার ও তার বাবা সেলিম সরদার জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে তাদের আশ্বস্ত করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রহিমা খাতুন মুঠোফোনে ঘটনার সত্যতা অস্বীকার করেন।
এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সাতক্ষীরা), উপজেলা নির্বাহী অফিসার (তালা) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।








