বিশ্বকাপের শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশে গোল করেন অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। পাশাপাশি টানা বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও বাড়িয়ে ৮ ম্যাচে নিয়ে যান তিনি।
দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তের দারুণ শটে সমতায় ফেরে কেপ ভার্দে। নির্ধারিত সময় ও যোগ করা সময় শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের অসাধারণ বাঁকানো শটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ১০৩তম মিনিটে ফুল-ব্যাক সিডনি কাবরালের দুর্দান্ত গোল ম্যাচে ফের সমতা আনে কেপ ভার্দে।
শেষ পর্যন্ত ১১১তম মিনিটে আসে ম্যাচের নিষ্পত্তি। লিওনেল মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরজেসের গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত হওয়া ওই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং শেষ ষোলোয় জায়গা করে নেয়।








