ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১ ব্যক্তি

প্রকাশিত: ১৫:৫১, ৩ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১ ব্যক্তি

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। দুর্যোগের আট দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হয়েছেন ৪৩ বছর বয়সী হার্নান গিল। টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত শ্বাসরুদ্ধকর অভিযানের পর গত বৃহস্পতিবার স্থানীয় সময় লা গুয়াইরা অঙ্গরাজ্যের উপকূলীয় শহর ক্যাটিয়া লা মার থেকে তাঁকে উদ্ধার করা হয়। 

গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও হাজারো মানুষ। উপকূলীয় অঞ্চলসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বহু বহুতল ভবন ধসে পড়ে।

উদ্ধারকারীরা জানান, ভূমিকম্পের সময় গিল ‘গালেরিয়াস প্লায়া গ্রান্দে’ শপিংমলের পাশের একটি সাততলা ভবনের বেজমেন্টে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভবনটি ধসে পড়লেও তিনি যে ছোট কংক্রিটের কক্ষে ছিলেন, সেটি অক্ষত ছিল। তবে তাঁর ওপর প্রায় ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ জমে যায়।

গত রোববার কোস্টারিকার রেড ক্রসের প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল ধ্বংসস্তূপের গভীর থেকে ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পান। পরে নিশ্চিত হওয়ার পর শুরু হয় আন্তর্জাতিক উদ্ধারকারী দলের যৌথ অভিযান। ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকর্মীরা এতে অংশ নেন।

অভিযানের সময় একাধিকবার তৈরি করা সুরঙ্গ ধসে পড়ে উদ্ধারকারীদের জীবনও ঝুঁকির মুখে পড়ে। এরপর একটি ছোট ছিদ্র দিয়ে গিলের কাছে পানি, স্যালাইন, মাস্ক ও সুরক্ষাচশমা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে অ্যান্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে তাঁর শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করা হয়।

মেক্সিকোর রেড ক্রসের সদস্য মার্কো আন্তোনিও ফ্রাঙ্কো জানান, আট দিন ধ্বংসস্তূপে আটকে থাকলেও গিল আশাবাদী ছিলেন। তিনি উদ্ধারকারীদের সঙ্গে নিয়মিত কথা বলতেন, পরিবারের খোঁজ নিতেন এবং উদ্ধারকর্মীদেরও উৎসাহ দিতেন।

উদ্ধারের পর প্যারামেডিক অ্যালান মাদ্রিগাল বলেন, “তিনি প্রায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় হেঁটে বেরিয়ে এসেছেন। এই অভিযান আমার জীবন বদলে দিয়েছে।”

ভেনেজুয়েলার ইতিহাসে এ ভূমিকম্প অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আরও জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে। বিবিসি সুত্রে জানা গেছে।

×