ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সরকারি সাইকেল নাতনিকে উপহার: সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

প্রকাশিত: ২০:৩১, ২ জুলাই ২০২৬

সরকারি সাইকেল নাতনিকে উপহার: সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত একটি সরকারি সাইকেল নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৪টি সাইকেলসহ ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, একটি মাদ্রাসাছাত্রের নামে বরাদ্দ থাকা সাইকেলটি নিজেই স্বাক্ষর করে গ্রহণ করেন তাজুল ইসলাম। পরে সেটি তিনি তার নাতনি মারিয়াকে উপহার দেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পরে ঝিনাইদহ-৩ আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে বুধবার দুপুরে সাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়া হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসন সাইকেলটি প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুনের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, তার ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় তিনি সাইকেলটি নাতনিকে দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তিনি সেটি ফেরত দিয়েছেন।

কোটচাঁদপুরের ইউএনও দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইকেল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর স্থানীয় সংসদ সদস্যের পরামর্শে সেটি ফেরত নেওয়া হয় এবং সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।

×