ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির

প্রকাশিত: ১৮:৩০, ২ জুলাই ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। ভারত-জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার (২ জুলাই) দেওয়া যৌথ সংবাদ বিবৃতিতে তিনি দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, যৌথ বিবৃতিতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ এ সময় তিনি জাপানের প্রতিনিধি দল, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান এবং বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরকে স্বাগত জানান।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন। মোদির ‘সুন্দর ছোট বোন’ সম্বোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাই-বোনের বন্ধনের চেতনায় ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।

যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি জানান, বিভিন্ন কৌশলগত ইস্যুতে ভারত ও জাপানের অবস্থান অভিন্ন। পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করা এবং সহযোগিতার তিনটি অগ্রাধিকার খাত নির্ধারণে দুই দেশ সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, জাপানের হালনাগাদ ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ ভিশন ভারতের প্রধানমন্ত্রী মোদির ‘মহাসাগর’ উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা জোরদারে দুই দেশ সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে।

×