ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

দ্বিতীয় দফায় কুয়েত ও বাহরাইনের চার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

প্রকাশিত: ১৭:৫৫, ৯ জুলাই ২০২৬

দ্বিতীয় দফায় কুয়েত ও বাহরাইনের চার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের চারটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবারের পর বুধবার রাতেও এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।
আইআরজিসির বরাত দিয়ে আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ইরানের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে কুয়েতের আরিফান ও আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে আগ্রাসী পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও সামরিক ঘাঁটি লক্ষ্য করে কঠোর অভিযান চালানো হবে।
এর আগে, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করে আইআরজিসি। ওই ঘটনার পর মঙ্গলবার রাতে দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালি এলাকায় ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম।
মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে অল্প সময়ের মধ্যেই কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথম দফায় হামলা চালানোর দাবি করে আইআরজিসি। এরপরও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।
এদিকে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তার এই বক্তব্যের পর বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্টকম।
এর জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত চারটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

×