আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পরও সুখবর পেয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ইতিহাসে প্রথমবারের মতো দলকে বিশ্বকাপের শেষ ষোলোতে তোলার কৃতিত্বে তার সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।
ফেডারেশনের এক বিবৃতিতে সভাপতি হানি আবু রিদা জানান, পরিচালনা পর্ষদ জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে।
২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠে ইতিহাস গড়েছে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে দলটি গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এবারই প্রথমবারের মতো তারা নকআউট পর্বে জায়গা করে নেয়।
বিশ্বকাপ মিশন শেষে বৃহস্পতিবার কায়রোতে ফিরছে মিশর দল। নতুন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ধারণা করা হচ্ছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচের রেফারিং নিয়ে আপত্তি জানিয়েছে মিশর। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে ফেডারেশন দাবি করেছে, ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তে ভুল ছিল।
ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয় মিশরকে। দলটির দাবি, তাদের একটি গোল বাতিল করা হয় এবং আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে সম্ভাব্য পেনাল্টি দেওয়া হয়নি।
জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কোচিং স্টাফের চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।








