ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই চাপে জিম্বাবুয়ে, নেই তিন উইকেট

প্রকাশিত: ১৫:৪১, ৬ জুলাই ২০২৬

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই চাপে জিম্বাবুয়ে, নেই তিন উইকেট

ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবে করেছে সফরকারী বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর পেসারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে ইনিংসের শুরুতেই জিম্বাবুয়ের তিন ব্যাটারকে ফিরিয়ে দেয় টাইগাররা।

ফলে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রেখে নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে হারের পর সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

টস শেষে মিরাজ জানান, উইকেটে পেসারদের জন্য সহায়তা থাকায় সেই সুবিধা কাজে লাগাতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপে ধস নামান তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৪০ রান।

এদিকে ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

জিম্বাবুয়ে একাদশ:
বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেগ আরভাইন, সিকান্দার রাজা, ওয়েসলে মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

×