ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা: চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ঘটনায় লিটু

প্রকাশিত: ১৯:৪১, ৫ জুলাই ২০২৬

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা: চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ঘটনায় লিটু

বরিশালে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হামলার শিকার ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদার, যিনি অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শহরের সদর রোডে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। পরে তারা ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে জোর করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করেন।

ভুক্তভোগী আব্দুল আজিজের অভিযোগ, কাটপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুর নেতৃত্বে এই হামলা চালানো হয়। তিনি দাবি করেন, মারধরের একপর্যায়ে তার কাছ থেকে দুটি চেক ও একাধিক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

অন্যদিকে অভিযুক্ত লিটু পাল্টা দাবি করেছেন, তিনি ও ঘটনাস্থলে থাকা অন্যরা অগ্রণী হাউজিং কোম্পানির পরিচালক। তার অভিযোগ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×