স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির এ আদেশ দেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন করেন, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে আলভীকে কারাগারে পাঠানো হয়। এরও আগে ১৮ জুন আত্মসমর্পণের পর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে ২১ জুন তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। একই মামলায় আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।








