ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

মব আতঙ্কে তালাবদ্ধ জনকণ্ঠ

প্রকাশিত: ২০:৪৮, ১০ জুলাই ২০২৬

মব আতঙ্কে তালাবদ্ধ জনকণ্ঠ

মব আতঙ্কে তালাবদ্ধ জনকণ্ঠ: পাওনা মেটাতে আন্তরিক কর্তৃপক্ষ, উগ্রতার শিকার নিরীহ কর্মীরা!
থমকে গেল কর্মচারীদের অর্থ পরিশোধ প্রক্রিয়া
দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ কার্যালয়ে একদল অব্যাহতিপ্রাপ্ত কর্মচারীর নজিরবিহীন ‘মব’ বা উগ্র তাণ্ডবের পর চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় স্থবির হয়ে পড়েছে পুরো প্রতিষ্ঠান। এই উগ্রতার জেরে উদ্ভূত ভীতিজনক পরিস্থিতির কারণে বর্তমানে অফিস খোলা রাখাই অসম্ভব হয়ে পড়েছে। ফলে, মালিকপক্ষ সাধারণ কর্মচারীদের নিয়ম অনুসারে  পাওনা বুঝিয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত ও আন্তরিক থাকা সত্ত্বেও, কেবল এই মব সংস্কৃতির কারণে নিরীহ সংবাদকর্মীরা তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন।
গত ০৫ জুলাই (রবিবার) কার্যালয় অবরুদ্ধকরণের এই অমানবিক ঘটনা ঘটে। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পক্ষ থেকে পাঠানো এক জরুরি প্রেস নোটে এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
গত রবিবার একদল উগ্র আন্দোলনকারী ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ভেতরে কর্মরত নারীসহ প্রায় ৭০ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্পূর্ণ অবৈধভাবে জিম্মি করে ফেলে। বিদ্যুৎহীন অন্ধকার ভবনে, তীব্র গরম আর রুদ্ধকর পরিবেশে দীর্ঘ সময় অবরুদ্ধ থেকে কর্মীরা এক চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি হন। কয়েকজন দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলে পুরো অফিসে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়।
এই ঘটনার পর থেকে অডিট ও অ্যাকাউন্টস বিভাগের কর্মীরা এতটাই আতঙ্কিত যে, তারা আর অফিসে আসার সাহস পাচ্ছেন না। ফলে পুরো অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জনকণ্ঠ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, তারা অব্যাহতি পাওয়া সকল কর্মচারীর ফাইনাল সেটেলমেন্টের অর্থ দ্রুত পরিশোধের লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে ২৬ জনের সম্পূর্ণ পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে এবং আরও ৪০ জনের অর্থ পরিশোধের সব প্রস্তুতি ছিল। কিন্তু এই সহিংস মবের কারণে সেই প্রক্রিয়া সম্পূর্ণ থমকে গেছে। উগ্রপন্থীদের এই হঠকারিতার অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ ও নিরীহ কর্মচারীরা, যারা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
অভিযোগ রয়েছে, এই উগ্র গোষ্ঠীটি অতীতেও প্রতিষ্ঠান দখলের ষড়যন্ত্র করেছিল। এখন তারা নির্বাচিত সরকারের নাম ভাঙিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যা প্রকৃত সাংবাদিকতার সম্পূর্ণ পরিপন্থী।
একটি নির্বাচিত সরকারের সময়েও এমন প্রকাশ্য অরাজকতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জনকণ্ঠের সম্পাদক মাননীয় সরকার প্রধানের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং কর্মস্থলে মেহনতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

×