ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

যাপিত জীবন

ঈদে স্বাদ বদল

তাজলিনা মারইয়াম সেতু

প্রকাশিত: ১৭:৫৪, ১৮ মার্চ ২০২৬

ঈদে স্বাদ বদল

তাজলিনা মারইয়াম সেতু

ঈদ মানেই লোভনীয় সব খাবারের পসরা। বিশেষ দিনে সবাই একটু ভিন্নধর্মী খাবারের আয়োজন করতেই পছন্দ করেন। তেমনি কিছু খাবারের 
রেসিপি দিয়েছেন-

কাচ্চি বিরিয়ানি

যা লাগবে: খাসির মাংস- ২ কেজি, বাসমতি চাল- ১ কেজি, আদা বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ২ টেবিল চামচ, সাদা গোল মরিচের গুঁড়া- ১ চা চামচ, এলাচ গুঁড়া- ১ চা চামচ, লবঙ্গ গুঁড়া- ১ চা চামচ, দারুচিনি গুঁড়া- ১ চা চামচ, তেজপাতা- ২টি, জয়ফল গুঁড়া- হাফ চা চামচ, জয়ত্রী গুঁড়া- হাফ চা চামচ, মরিচের গুঁড়া- ১ চা চামচ, ঘি- ৩ টেবিল চামচ, দুধ- আধা কাপ, টক দই- ১ কাপ, জাফরান- ১ চিমটি, শাহি জিরা- হাফ চা চামচ, কাবাব চিনি- ১ চা চামচ, কাঠবাদামের গুঁড়া- ১ টেবিল চামচ, কেওড়া জল- ১ টেবিল চামচ, আলু বোখারা- ৫টি, আলু- ৪/৫ টুকরা, তেল- ১ কাপ, কাঁচা মরিচ- ৫টা, বেরেস্তা- ১ কাপ, লবণ- স্বাদমতো, ডো করার জন্য আটা।
যেভাবে করবেন: খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে একে একে আদা, রসুন, গোল মরিচের গুঁড়া, এলাচ, লবঙ্গ, দারুচিনি, কাঠ বাদামের গুঁড়া, কাবাব চিনি, শাহি জিরা, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে দিন। তারপর টকদই এবং লবণ দিয়ে সব একসাথে ভালোভাবে মাখিয়ে ৩ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। আলু সামান্য হলুদ ও লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে। বাসমতি চাল পানি দিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। অন্য একটি পাত্রে বিরিয়ানির ভাত তৈরি করতে পরিমাণ মতো পানি দিয়ে এতে তেজপাতা, দারুচিনি এবং লবণ দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক এলে তাতে চাল দিয়ে দিতে হবে। চালগুলো দুই থেকে তিনবার বলক এলে নামিয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার মেরিনেট করে রাখা মাংসে পেঁয়াজ বেরেস্তা, আলু দিয়ে দিন। মাংসের পাত্রে আধা সেদ্ধ গরম ভাত ছড়িয়ে দিন। এর উপর একে একে ঘি, কেওড়া জল, তরল দুধ, কাঁচা মরিচ, আলু বোখারা ও জাফরান দিয়ে ঢেকে দিন। এবার আটার ডো দিয়ে পাত্রের চারদিক আটকে দিন যেন ভাপ বের হতে না পারে। উচ্চ তাপে দশ মিনিট রান্না করতে হবে। পাতিলের নিচে তাওয়া দিয়ে মৃদু আঁচে ১ ঘণ্টা রান্না করুন। ব্যস হয়ে গেল মজাদার কাচ্চি বিরিয়ানি। 


ডিম কাজু পোলাও 

যা লাগবে: বাসমতি চাল- ২ কাপ, কোয়েলের ডিম- ২ ডজন, কাজুবাদাম- ১৫টি, কিসমিস- ১০/১৫টি, ঘি- ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা একত্রে- ১ টেবিল চামচ, এলাচ- ৫টি, কাঁচামরিচ- ৪টি, তেল- হাফ কাপ, ঘি- ৩ টেবিল চামচ, লবণ- পরিমাণমতো ও সামান্য চিনি।
যেভাবে করবেন: কাজুবাদাম ১ টেবিল চামচ ঘি দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। ডিম সেদ্ধ করে লবণ মাখিয়ে তেলে হালকা ভেজে তুলে রাখুন। তারপর ঐ একই পাত্রে এলাচ ও পেঁয়াজ কুচি ভেজে নিন। আদা-রসুন বাটা দিয়ে মশলা কষান। চাল দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। এবার চালের ডাবল পরিমাণ গরম পানি, কাঁচামরিচ, কিসমিস, কাজুবাদাম ও স্বাদমতো লবণ-চিনি দিয়ে ঢেকে দিন। পানি কমে এলে ভাজা ডিমগুলো ও বাকি ঘি উপরে ছড়িয়ে দিয়ে অল্প আঁচে দমে রাখুন ১০-১৫ মিনিট। ব্যস হয়ে গেল লোভনীয় ডিম কাজু পোলাও।

 

ইলিশের কাবাব

যা লাগবে: ইলিশ মাছ- ৬ টুকরা, আলু- ১টি (সেদ্ধ ও চটকানো), পেঁয়াজ বেরেস্তা- হাফ কাপ, কাঁচামরিচ কুচি- ৪টি, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ, হলুদ ও মরিচ গুঁড়া- হাফ চা চামচ করে, যে কোনো টক আচার- ১ চা চামচ, ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়া- হাফ কাপ, লবণ- স্বাদমতো, তেল- ভাজার জন্য।
যেভাবে করবেন: প্রথমে ইলিশের টুকরাগুলো হলুদ, লবন, মরিচ ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন এবং খুব সাবধানে মাছের সমস্ত কাঁটা বেছে ফেলুন। এবার বাছা মাছের সাথে সেদ্ধ চটকানো আলু, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, আচার ও সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। 
মিশ্রণটি থেকে অল্প নিয়ে গোল বা চ্যাপ্টা কাবাবের আকার তৈরি করুন। একটি প্যানে তেল গরম করুন। 
এবার কাবাবগুলো ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়ায় গড়িয়ে মাঝারি আঁচে দুই পিঠ লালচে বা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিন।

 

ড্রাগন সেমাই 

যা লাগবে: লাচ্ছা সেমাই (ভাজা)- ২ কাপ, দুধ- ১ লিটার, চিনি- হাফ কাপ/স্বাদমতো), ড্রাগন ফল- ১টি, এলাচ- ৩টি (সুগন্ধের জন্য), পছন্দমতো বাদাম।
যেভাবে করবেন: দুধে এলাচ আর চিনি দিয়ে জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। সার্ভিং ডিশে লাচ্ছা সেমাই ছড়িয়ে তাতে গরম দুধ ঢালুন। এবার ড্রাগন খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেমাইয়ের ওপর ঢালুন। বাদাম কুচি করে ওপরে ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

 

ডিম-চিকেন রোস্ট

যা লাগবে: মুরগির (৪ বা ৮ টুকরো করা)- ১টি (দেড় কেজি), ডিম সেদ্ধ- ৪টি, টক দই- হাফ কাপ, আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ করে, পেঁয়াজ বাটা- হাফ কাপ, পেঁয়াজ কুচি- হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা- হাফ কাপ, কিশমিশ বাটা- ১ চা চামচ, পোস্ত দানা বাটা- ১ চা চামচ, কাজু বাদাম বাটা- ১ চা চামচ, কাঁচামরিচ- ৪/৫টি, ঘি ও তেল একত্রে- হাফ কাপ, তরল দুধ- ১ কাপ, টমেটো সস- ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন: কড়াইতে তেল ও ঘি গরম করে মুরগির টুকরোগুলোতে লবণ ও সামান্য  মরিচের গুঁড়া মেখে হালকা সোনালি রং করে ভেজে তুলে নিন। লবণ মেখে ডিমগুলোও একই সঙ্গে ভেজে তুলুন। ওই তেলেই পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে কষান। মসলা থেকে তেল উপরে উঠে আসলে ভাজা মুরগি ও ডিম দিয়ে দিন। দই যোগ করুন। ৫ মিনিট পর এতে বাদাম, পোস্ত এবং কিশমিশ বাটা যোগ করুন। কিছুক্ষণ কষিয়ে এতে তরল দুধ, টমেটো সস দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ১০ মিনিট অল্প আঁচে দমে রাখুন। তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন।

প্যানেল/মো.

×