ইরাকের বাগদাদে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন কূটনৈতিক স্থাপনায় মঙ্গলবার (১০ মার্চ) ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাটি এমন সময় ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছিল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বাগদাদের কূটনৈতিক সহায়তা কেন্দ্রে ড্রোন আঘাত হানে। হামলার সময় সেখানে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, হামলার সময় বাগদাদ বিমানবন্দর সংলগ্ন একটি নিরাপত্তা টাওয়ারেও আঘাত লাগে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কম্পাউন্ডের দিকে মোট ছয়টি ড্রোন ছোড়া হয়েছিল, যার মধ্যে পাঁচটি ধ্বংস করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই হামলার সঙ্গে যুক্ত।
ইরাক সরকার হামলার নিন্দা জানিয়েছে। যদিও ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানো শুরু করে। জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এবং হুঁশিয়ারি দিয়েছে, হামলা অব্যাহত থাকলে তারা উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ বন্ধ করতে পারে।
মঙ্গলবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান ছিল, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।
এ.এইচ








