লেবাননের পূর্ব বালবেক জেলার তামিনিন আল-তাহতা গ্রামে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের দশজন নিহত হয়েছে। হামলাটি বুধবার ভোরের দিকে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়। নিহতরা সবাই সিরিয়ার একজন পরিবারের সদস্য ছিলেন, যারা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিলেন। ভবনটি ধ্বংস হয়ে গেছে, এবং উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা আছে কি না খুঁজছেন।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের মতে, বালবেক ও আশপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বাড়ছে, এবং হতাহতের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক ও বাস্তুচ্যুত শরণার্থী।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, তারা হিজবুল্লাহর আস্তানা ও অস্ত্রের গুদামকে লক্ষ্য করেছে, তবে বাস্তবে বেসামরিক প্রাণহানি বিশ্বের নজর কেড়েছে। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে বালবেকের এই এলাকাগুলো রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে এবং আকাশ থেকে ধেয়ে আসা মিসাইল তাদের জীবন হুমকিতে ফেলেছে। মানবাধিকারকর্মীরা এই ঘটনাকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।
এ.এইচ








